কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত বেড়ে ২
নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজন হয়েছে।
নিহত মানিকের (৪৫) শরীর শতভাগ দগ্ধ হয়েছিল। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় শতভাগ দগ্ধ অবস্থায় মানিককে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকার এসএস টয় ইন্ডাস্ট্রিজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সাকিব নামের একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়।
