ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল আমীন

ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফয়সল আমীন বলেন, ‘ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের এজেন্ট হয়ে গেছে। জামায়াতের এজেন্টরা ডাব মার্কার কাগজ নিয়ে ঢুকে গেছে।’

এর আগে ভোট প্রদান শেষে বিএনপির এই প্রার্থী বলেন, ‘সবেমাত্র ভোট শুরু হয়েছে। আমি ভোট প্রদান করেছি। প্রত্যাশা বড়সড় জয়। আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, এখন বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটের পরিস্থিতি দেখার চেষ্টা করবেন। তার কাছে নির্বাচন নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে মনে হচ্ছে। কোনো শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি।

মির্জা ফয়সল আমীন বলেন, ‘সব ভোটারই আমার ভোটার, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে। প্রশাসন যদি তাদের বিবেচনায় ঝুঁকিপূর্ণ মনে করে, তাহলে সেভাবে ব্যবস্থা নেবে।’

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, আবহাওয়া কিছুটা খারাপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি মনে করছেন।

আসনে ভোটার ৫ লাখ ১৫ হাজার

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *