মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিস কর্মীদেরও ধাওয়া দেন তারা।

রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সকাল থেকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

সংঘর্ষের একপর্যায়ে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ধাওয়া দেন।

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, খবর পেয়ে পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে। তবে আগুনে পুড়ে যাওয়া গাড়িটি পুলিশের কি না, তা নিশ্চিতভাবে বলতে পারেননি তিনি।

এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল থেকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকরা সরে গেলেও যান চলাচল স্বাভাবিক হয়নি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *