আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ ঘিরে সংঘর্ষ

আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ ঘিরে সংঘর্ষ

সাভার প্রতিনিধি

গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের প্রভাব কিছুটা কমতে শুরু করলেও পাশের সাভারের হেমায়েতপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে ফিরেছেন এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, হেমায়েতপুর ও পদ্মার মোড় বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে শ্রমিকেরা কয়েকটি দলে বিভক্ত হয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড, পদ্মার মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। সকাল ৯টার দিকে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

একপর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে শ্রমিকদের একটি অংশ শান্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

শিল্পাঞ্চলে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সংঘর্ষে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *