আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তাঁকে অভিশংসনের উদ্যোগ নিলে দলটিকেই রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হবে। দ্বিতীয় মেয়াদে তাঁর নেওয়া বিভিন্ন নীতি, বিশেষ করে ইরানে সামরিক অভিযানের কারণে অভিশংসনের চেষ্টা হলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রকাশিত ফলাফলে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা বড় জয় পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার বিকেলে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় হোয়াইট হাউসের লনে নির্মাণাধীন তাঁর নতুন প্রকল্প ‘বলরুম’ ঘুরে দেখান এবং প্রায় ২০ মিনিট ধরে প্রকল্পটি নিয়ে কথা বলেন। তবে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সম্ভাব্য অভিশংসন উদ্যোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিন্দুমাত্র চিন্তিত নই। বরং আমার মনে হয়, তারা যদি কোনো কারণ ছাড়াই অভিশংসনের উদ্যোগ নেয়, তবে তা ডেমোক্রেটিক পার্টিকেই ধ্বংস করে দেবে। কিসের জন্য? একটি সফল দেশ গড়ার জন্য? আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।’
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প বিরোধী দলের মতামত উপেক্ষা করেছিলেন। একইভাবে ক্ষমতায় আসার পর অভিবাসনবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রেও বেশির ভাগ সময় ডেমোক্র্যাটদের মতামতকে গুরুত্ব দেননি তিনি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি যদি ব্যালটে থাকতাম, তবে জয়ী হতাম। নির্বাচনের আগে আমি যেসব জনসভা করেছি, সেখানে সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু সেই ভালোবাসা আমরা প্রার্থীদের কাছে পৌঁছে দিতে পারিনি।’
এর আগে মঙ্গলবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানান ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘ডেমোক্র্যাটদের অভিনন্দন। তারা ভালো কাজ করেছে। ১১ বছর ধরে তারা এই জয়ের অপেক্ষায় ছিল, অবশেষে তারা তা পেয়েছে। ডেমোক্র্যাটরা ভালো করেছে।’
