হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

সিলেট প্রতিনিধি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শারীরিক অসুস্থতার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তাঁর পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে সফরকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় তাঁর নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। পরে দ্রুত তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, শুক্রবার বিকেলে অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির একটি প্রতিনিধি দল।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রীর ঘনিষ্ঠজন ইশতিয়াক সিদ্দিকী জানান, প্রবাসী কল্যাণমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তিনি সবার কাছে মন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হবে।

মন্ত্রীর অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *