চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির মহোৎসব, পরীক্ষা ছাড়াই জিপিএ ফাইভ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির মহোৎসব, পরীক্ষা ছাড়াই জিপিএ ফাইভ

নিজস্ব প্রতিবেদক

কখনো ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও জিপিএ-৫, আবার কখনো পরীক্ষায় অংশ না নিয়েই মিলছে সর্বোচ্চ ফল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একের পর এক এমন ফল জালিয়াতির ঘটনা সামনে আসছে। এতে বোর্ডের ফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষাবিদদের মতে, বিচারহীনতা ও জবাবদিহির অভাবেই বারবার এমন অনিয়মের ঘটনা ঘটছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চাঞ্চল্যকর একটি জালিয়াতির ঘটনা সামনে আসে। প্রকাশিত ফলে এক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও পুনঃনিরীক্ষণে দেখা যায়, সে ১০টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। অভিযোগ রয়েছে, নম্বর জালিয়াতির মাধ্যমে ওই শিক্ষার্থীকে পাস করানো হয়েছিল। এ ঘটনায় বোর্ডের তিন কম্পিউটার অপারেটরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন পরীক্ষার ফল নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। গত বছর এসএসসি পরীক্ষায় ৩৪টি উত্তরপত্রের নম্বর জালিয়াতির ঘটনা ঘটে। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ না নিয়েই জিপিএ-৫ পায় ১৭ শিক্ষার্থী। আর ২০২৩ সালে তৎকালীন বোর্ড সচিব নারায়ণচন্দ্রনাথের ছেলের ১১টি বিষয়ে নম্বর জালিয়াতির ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনাও শেষ পর্যন্ত মামলায় গড়ায়।

একের পর এক এমন ঘটনায় বোর্ডের ফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি উঠেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে বিচারহীনতা ও জবাবদিহিতার অভাব থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের অনিয়ম করার সাহস পাচ্ছেন। শুরুতে ছোট পরিসরে অনিয়ম হলেও ধীরে ধীরে তা বড় আকার ধারণ করেছে। একপর্যায়ে এসব ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ারা আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ করা না গেলে শিক্ষার্থীদের ঘিরে তৈরি হওয়া নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হবে। তাই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বোর্ডের প্রাথমিক ধারণা অনুযায়ী, ফল জালিয়াতির ঘটনাগুলোর সঙ্গে কম্পিউটার শাখার স্ক্যানিং প্রক্রিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। উত্তরপত্র স্ক্যান করার সময় কৌশলে নম্বর পরিবর্তনের মাধ্যমে ফলাফলে কারসাজি করা হয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি শনাক্ত হওয়ার পর কম্পিউটার শাখার নিরাপত্তা জোরদার এবং পুরো কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, প্রাথমিকভাবে স্ক্যানিং প্রক্রিয়ার মাধ্যমেই জালিয়াতির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছিল। তবে এবারের ঘটনায় আগের সেই পদ্ধতি পাওয়া যায়নি। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্ক্যানিং ব্যবস্থার সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ চলছে। কম্পিউটার শাখার কার্যক্রম আরও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এসব সমস্যা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার শাখার জনবল কাঠামো নিয়েও প্রশ্ন রয়েছে। মাত্র দুজন প্রোগ্রামার দিয়ে পরিচালিত হতো শাখাটির কার্যক্রম। পরীক্ষার সময় কাজের চাপ সামাল দিতে দৈনিক ভিত্তিতে আরও আট থেকে ১০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়। এখন কম্পিউটার শাখার পুরো কার্যক্রম নতুন করে সাজানোর কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *