ধর্ষণ-হত্যায় সম্পৃক্ততার প্রমাণ মেলেনি, যে কারণে খালাস স্বপ্না

ধর্ষণ-হত্যায় সম্পৃক্ততার প্রমাণ মেলেনি, যে কারণে খালাস স্বপ্না

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। মূল অপরাধ ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, স্বপ্না খাতুনের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ হলো, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের সম্পৃক্ততার কথা বলা হলেও স্বপ্নার সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করা হয়নি। আদালত আরও বলেছেন, ধর্ষণের ঘটনায় একজন নারী তার স্বামীকে সহযোগিতা করেছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, অন্যান্য সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনায় দেখা গেছে, স্বপ্না তার স্বামীকে পালাতে সহযোগিতা করেছিলেন। বিশেষ করে তিনতলার জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সহযোগিতার বিষয়টি সাক্ষ্যে উঠে এসেছে। তবে মূল অপরাধ অর্থাৎ ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণিত হয়নি।

এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

অন্যদিকে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে আদালত বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *