অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সাত দিনের এ সফরে তিনি দুই দেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জামায়াত আমির। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন। মালয়েশিয়া সফরেও প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির অন্যান্য নেতারা।

আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *