পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে ডিজেল, বিকল্প জ্বালানিতে নতুন সম্ভাবনা

পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে ডিজেল, বিকল্প জ্বালানিতে নতুন সম্ভাবনা

চাঁদপুর প্রতিনিধি

পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিবেশের জন্য বড় হুমকি। যত্রতত্র এসব বর্জ্য ফেলার কারণে দূষণের পাশাপাশি সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতাসহ নানা সমস্যা। তবে সেই বর্জ্য থেকেই উৎপাদন করা হচ্ছে ডিজেল। জাপানি প্রযুক্তির বিশেষ মেশিনে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল তৈরির এ কার্যক্রম চলছে চাঁদপুরে।

সংশ্লিষ্টদের দাবি, ৩০ কেজি পরিত্যক্ত প্লাস্টিক থেকে পাওয়া যাচ্ছে প্রায় ১৫ কেজি ডিজেল। জাপান-আসিয়ান ইকোনমিক কোঅপারেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় চলছে এ কার্যক্রম। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিকল্প জ্বালানি উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া জানান, পৌর এলাকায় প্রতিদিন প্রায় ৩০ টন বর্জ্য উৎপাদিত হয়। এর একটি বড় অংশ প্লাস্টিক ও পলিথিন। পরিকল্পিতভাবে এসব বর্জ্য সংগ্রহ ও পৃথক করা গেলে প্লাস্টিক থেকে জ্বালানি তেল উৎপাদন সম্ভব।

তিনি জানান, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ‘ওয়েস্ট-টু-ওয়েলফেয়ার (ডব্লিউ২ডব্লিউ)’ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও পাইলট প্রকল্পের প্রস্তাব নিয়ে কাজ করছে জাপানি প্রতিনিধি দল। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য অপসারণের চাপ কমার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে।

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে জাপান-আসিয়ান ইকোনমিক কোঅপারেশন অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে চাঁদপুরে অবস্থান করছে।

দলটির বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক জুন জি সুয়ে নাগা জানান, জাপানি প্রযুক্তিতে তৈরি বিশেষ মেশিনের মাধ্যমে পরিত্যক্ত প্লাস্টিক থেকে ডিজেল উৎপাদন করা হচ্ছে। তাঁর দাবি, এ প্রক্রিয়ায় বায়ু ও শব্দদূষণ তুলনামূলক কম হবে। তবে মেশিনের কার্যক্রমে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়।

প্রতিনিধি দলের প্রকৌশলী শিমু হাসি হিদে আকি জানান, প্রথমে ফেলে দেওয়া বর্জ্য থেকে প্লাস্টিক আলাদা করা হয়। এরপর পরিষ্কার করে বিশেষ মেশিনে প্রক্রিয়াজাত করা হয়। এভাবে ৩০ কেজি প্লাস্টিক থেকে প্রায় ১৫ কেজি ডিজেল পাওয়া যাচ্ছে। জাপানের নিজস্ব অর্থায়নে বাসস্ট্যান্ড এলাকায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, ৩০ কেজি প্লাস্টিক প্রক্রিয়াজাত করলে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয়, তা একটি গাড়ির নির্গত ধোঁয়ার পরিমাণের প্রায় সমান। এ পদ্ধতিতে উৎপাদন ব্যয়ও তুলনামূলক কম বলে দাবি করেন তিনি।

পরিত্যক্ত প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশ ও নাগরিক অধিকারকর্মীরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, উদ্যোগটি বাস্তবায়িত হলে শুধু চাঁদপুর নয়, পুরো দেশের জন্যই ইতিবাচক হতে পারে। এতে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক অপসারণের পাশাপাশি জ্বালানি উৎপাদনের সুযোগ তৈরি হবে।

স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটি নিয়ে আশাবাদী। তাঁদের মতে, পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য থেকে প্লাস্টিক আলাদা করে জ্বালানি উৎপাদন করা গেলে বর্জ্যের চাপ কমবে এবং শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে।

তবে পরীক্ষামূলক উৎপাদনের বাইরে বৃহৎ পরিসরে এ প্রযুক্তির কার্যকারিতা, উৎপাদিত ডিজেলের গুণগত মান, প্রকৃত উৎপাদন ব্যয় ও পরিবেশগত প্রভাব যাচাই করা জরুরি। পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে এসব বিষয় নিশ্চিত করা গেলে চাঁদপুরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *