শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চলবে দুই আদালতে

শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চলবে দুই আদালতে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারকাজ শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার্জ গঠন করা হবে। আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক ও দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় পৃথক দুটি আদালতে বিচার কার্যক্রম চলবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার হবে শিশু আদালতে। অন্য দুজনের বিচার হবে প্রাপ্তবয়স্কদের আদালতে।

পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ তাদের দায়িত্ব অনুযায়ী বিচার কার্যক্রম চালিয়ে যাবে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ছেলের হত্যাকারীদের বিচারকাজ শুরু হওয়ার খবর শুনে ভালো লাগছে। আইন ও আদালতের প্রতি তাদের আস্থা রয়েছে। তারা আশা করছেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাবেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে উঠে আসে, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনের সংশ্লিষ্টতা পায় পুলিশ। পরে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতে নেওয়ার পর একজন ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এবার চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *