এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। আগের দাম ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো দুই লাখ টাকা ছাড়িয়েছিল। প্রায় এক বছর পর আবারও তা দুই লাখ টাকার নিচে নেমে এলো।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে স্বর্ণের গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *