অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

বাংলাদেশ অন্য কোনো দেশের খেলার দাবার বোর্ড হতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ নিজেদের স্বার্থ ও শর্তকে প্রাধান্য দিয়ে বিশ্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অন্য খেলোয়াড়দের স্বার্থে ব্যবহৃত হওয়ার পরিবর্তে নিজেদের শর্তে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে বাংলাদেশ প্রস্তুত। তবে সব ক্ষেত্রেই জনগণের স্বার্থকে পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হবে।

উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বিষয়টি তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা, নতুন উৎস খোঁজা এবং নতুন খাতে বিনিয়োগের দিকে নজর দিচ্ছে। দেশে থাকা নিজস্ব গ্যাস ও এলএনজির সম্ভাবনাও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা সংকট নিয়ে শামা ওবায়েদ বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। এতে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে।

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *