আইজিপির বাড়িতে চুরি

আইজিপির বাড়িতে চুরি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী।

স্থানীয়রা জানান, ঝোড়ো বৃষ্টির মধ্যে চোররা ওই বাড়িতে হানা দিয়ে প্রায় ৬০ হাজার টাকার বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওই বাড়ির বাসিন্দারা জানান, সোমবার রাতে বাগেরহাটে ঝোড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সুযোগে সিসি ক্যামেরার নজর এড়িয়ে রাতের অন্ধকারে চোর চক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। তারপর অত্যন্ত চতুরতার সঙ্গে মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে পালিয়ে যায় তারা। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চুরির বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এরই মধ্যে বাগেরহাট শহরের একজন ভাঙ্গারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনও ভাঙ্গারি দোকানে বিক্রি করা হতে পারে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *