আয়বহির্ভূত সম্পদ অর্জন, টেকনাফের মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড

আয়বহির্ভূত সম্পদ অর্জন, টেকনাফের মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় কক্সবাজারের টেকনাফের আবু তাহের নামে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবু তাহের কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়ার জালাল আহম্মেদের ছেলে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আবু তাহেরকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। দুই ধারায় মোট ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ব্যবসার আড়ালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবু তাহেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে তাঁর নামে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।

এ ছাড়া তাঁর সম্পদ অর্জনের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২৩ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে সম্পদ ও ব্যয়ের সঙ্গে বৈধ আয়ের ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার অসংগতি পাওয়া যায়।

এ ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে আবু তাহেরের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *