আল্লাহ যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই কল্যাণ নিহিত থাকে: জামায়াত আমির

আল্লাহ যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই কল্যাণ নিহিত থাকে: জামায়াত আমির

আল্লাহ যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই কল্যাণ নিহিত থাকে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের মহিলা বিভাগ আয়োজিত তিনদিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই কল্যাণ নিহিত থাকে। আমাদের কাজ হলো আন্তরিকতার সাথে দ্বীনের জন্য কাজ করে যাওয়া এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা।’

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আলফালাহ মিলনায়তনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ জীবনের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন। দুনিয়ার সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা যেন ঈমান ও দ্বীনি কাজের স্পৃহাকে দুর্বল না করে।

মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, তাকওয়া, সাংগঠনিক দক্ষতা ও আত্মগঠনের কাজে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম। তিনি বলেন, একজন মুমিনের পুরো জীবনই আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হওয়া উচিত। শুধু নামাজ বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না থেকে চিন্তা, কাজ, ত্যাগ, দায়িত্ব ও জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুসরণ করাই প্রকৃত দ্বীনদারীর পরিচয়।

শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের সবকটি জেলা থেকে বাছাইকৃত জনশক্তিদের নিয়ে এই শিক্ষা শিবির আগামী ১৬ মে পর্যন্ত চলবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *