ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার

ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসির ঘোষিত ইউপি নির্বাচনের তারিখ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের মতো আমরাও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে দেখেছি যে, নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েক ধাপের তারিখ ঘোষণা করেছে। এ ব্যাপারে সরকার কিছু জানে না। সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন এবং তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে নির্বাচন আয়োজনের। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা কমিটির সভাসহ প্রয়োজনীয় বৈঠক করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করে। এ ক্ষেত্রে বাজেটসহ বিভিন্ন বিষয়ও থাকে।’

মীর শাহে আলম আরও বলেন, ‘আমি আবারও বলছি, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছু জানে না।’

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। প্রথম ধাপে চট্টগ্রাম ও কুমিল্লার তিনটি করে উপজেলা এবং যেসব জেলায় ১০ বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলায় ভোট হবে। এভাবে মোট ৮০টি উপজেলা প্রথম ধাপে রাখা হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *