ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, মৃত ১

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, মৃত ১

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ জাহাজের ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন জাহাজটির আরও যাত্রী ও ক্রু। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর যাত্রীদের সন্ধানে হেলিকপ্টার ও একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে জাহাজটি বৈরী আবহাওয়ার মধ্যে পড়েছিল। জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।

জাহাজটি জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকাকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে সর্বশেষ শনাক্ত অবস্থান ধরে উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়।

প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতে যাত্রীবাহী জাহাজ ও ফেরি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটিতে এ ধরনের নৌযান দুর্ঘটনাও প্রায়ই ঘটে।

এর আগে গত মাসে মাদুরা দ্বীপে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল।

সূত্র: বিবিসি

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *