ইরানের নতুন নেতার ঘোষণা, হরমুজ প্রণালি বন্ধই থাকবে

ইরানের নতুন নেতার ঘোষণা, হরমুজ প্রণালি বন্ধই থাকবে

হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

ইরানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল এই পথে সরবরাহ করা হয়। এই পথ বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম ইতিমধ্যে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

বক্তৃতায় মোজতবা খামেনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে।

ইরানের পাশে আছে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তাদের ‘দায়িত্ব পালন করবে’। ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে ‘সাহায্য করতে চায়’ বলে জানান তিনি।

সামরিক বাহিনীকে ধন্যবাদ

ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, হামলার মুখেও সেনাবাহিনী ইরানকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। মোজতবা খামেনি বলেন, ‘দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দারুণ কাজ করছেন, আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’

‘শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে’

খামেনি আরও বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’

প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় হলেও মার্কিন ঘাঁটিতে হামলা চলবে

খামেনি বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশ্বাসী। তবে তারা (ইরান) শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই হামলা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়।

সূত্র– আল–জাজিরা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *