ইরান যুদ্ধ : কী আছে ট্রাম্পের ১৫ দফার প্রস্তাবে

ইরান যুদ্ধ : কী আছে ট্রাম্পের ১৫ দফার প্রস্তাবে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে সম্প্রতি ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ইতোমধ্যে তেহরানে পৌঁছেও দেওয়া হয়েছে।

কী কী দফা বা পয়েন্ট আছে সেই প্রস্তাবে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেই প্রস্তাবের বিষয়বস্তুর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

কর্মকর্তারা দু’টি দফা সম্পর্কে আভাস দিয়েছেন নিউইয়র্ক টাইমসকে। প্রথমটি হলো ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ এবং দ্বিতীয়টি হলো হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে পুনরায় এই বাণিজ্যপথে জাহাজের অবাধ চলাচল।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-ও চুক্তির বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, চুক্তির শর্ত অনুসারে ইরানকে তাদের ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কর্মসূচি বন্ধ এবং বর্তমানে যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম আছে— তা হস্তান্তর করতে হবে।

জাতিসংঘের তথ্য অনুসারে, ইরানের কাছে অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম আছে এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ।

এছাড়া হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল অবাধ করার ব্যাপারটিকে যে ট্রাম্পের প্রস্তাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারাও। তারা বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে, তাহলে তার পরিবর্তে দেশটির ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেছেন, ইরান যদি প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেয়, তাহলে ১ মাসের যুদ্ধবিরতি ঘোষণা করবে যুক্তরাষ্ট্র এবং এই বিরতিকালে প্রস্তাবের দফা বা পয়েন্টগুলো নিয়ে ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। কিন্তু হোয়াইট হাউস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তা এ ইস্যুতে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : এএফপি

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *