ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, টানা ৭ দিনের ছুটি শুরু

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, টানা ৭ দিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন। ঈদের আগে সরকারি অফিসগুলোর আজ (সোমবার) শেষ কর্মদিবস। এর ফলে আগামীকাল থেকে শুরু হচ্ছে দীর্ঘ ঈদ ছুটি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে রয়েছে শবে কদরের ছুটি এবং ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটি। এ কারণে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা এক সপ্তাহের ছুটি পাচ্ছেন।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগে থেকেই ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করা হয়েছিল।

এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি এবং ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করায় সব মিলিয়ে এবার সাত দিনের টানা ছুটি নিশ্চিত হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যপ্রণালী বিধিমালা অনুযায়ী নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত ছুটির সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং সংশ্লিষ্ট পরিবহন ব্যবস্থা চালু থাকবে।

এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সরকারি অফিস খোলা রাখা হবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *