ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ, নেই ভিড়

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ, নেই ভিড়

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ফলে ধীরে ধীরে ঢাকামুখী হচ্ছেন নাড়ির টানে গ্রামে ছুটে যাওয়া মানুষ। তবে আজও বাস টার্মিনালগুলোতে ফিরতি যাত্রায় চোখে পড়েনি তেমন চাপ বা ভিড়। রাজধানীর রাস্তাঘাটও ফাঁকা।

রোববার (৩১ মে) রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, ঈদের পরপরই একসঙ্গে সবাই না ফেরায় চাপ কম রয়েছে, আর পুরো সপ্তাহজুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই রাজধানী আবার ফিরে পাবে তার চিরচেনা ব্যস্ত রূপ।

যাত্রাবাড়ীর জনপথ মোড়ে কথা হয় বরিশাল থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী ইমরান হোসেন। তিনি বলেন, ঈদের আগে যাওয়ার সময় যে ভিড় ছিল, ফেরার সময় তেমনটা পাইনি। বাসেও খুব বেশি চাপ ছিল না, আরামেই চলে এসেছি।

রাজিব পরিবহনে গোপালগঞ্জ থেকে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, অনেকে এখনও গ্রামেই আছেন, তাই ভিড় কম। তবে দুই-একদিন পরই ঢাকায় মানুষের চাপ বাড়বে বলে মনে হচ্ছে।

সায়েদাবাদ বাস টার্মিনালে বাইক রাইডার হাবিব রহমান বলেন, সকাল থেকে এখানে আছি। ধীরে ধীরে মানুষ ঢাকায় আসা শুরু করেছে। এখনও চাপ নেই। চলতি সপ্তাহজুড়ে মানুষ ঢাকায় ফিরবে। আমার কাছে মনে হয় আগামী সপ্তাহ থেকে ঢাকা তার চিরচেনা রূপ ধারণ করবে।

গোল্ডেন লাইন পরিবহনে ফরিদপুর থেকে আসা ব্যবসায়ী নাফিজ আহমেদ বলেন, এই সময়টায় ফেরাটা ভালো হয়েছে। রাস্তা ফাঁকা, যানজটও কম ছিল। তাই দ্রুতই ঢাকায় পৌঁছাতে পেরেছি।

কুমিল্লা থেকে ঈদ শেষে ঢাকায় আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসরিন আলম বলেন, ঈদের ৫ দিন আগে বাড়ি গিয়েছিলাম। সামনে পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আজ ঢাকায় ফিরলাম। বাড়ি যাওয়ার সময় যানজটে পড়লেও আজকে আসতে কোনো কষ্ট হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, অফিস-আদালত পুরোপুরি চালু হলে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুললে রাজধানীতে ফিরতি যাত্রীর চাপ বাড়বে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *