উত্তরায় পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে জলকামান-সাউন্ড গ্রেনেড

উত্তরায় পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে জলকামান-সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতনের দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে উত্তরা রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। শ্রমিকদের একাংশ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতনের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন পোশাকশ্রমিকেরা। শনিবার তাঁদের আন্দোলন টানা পঞ্চম দিনে গড়ায়।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *