উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, স্বাভাবিক যান চলাচল
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকরা অবস্থান ছেড়েছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে যান।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা আন্দোলনে নামেন।
