এমপি হলে আমার কাছে গিয়ে লাইন ধরতে হবেনা: অ্যাডভোকেট শাহাজাহান

এমপি হলে আমার কাছে গিয়ে লাইন ধরতে হবেনা: অ্যাডভোকেট শাহাজাহান

কে এম সালাহউদ্দিন

চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া বলেছেন, মানুষের সেবক হিসেবেই কাজ করতে চান তিনি। ‘আমি এমপি হলে আপনাদের জুতার তলা ক্ষয় করে আমার পিছনে ঘুরতে হবেনা। আমার কাছে গিয়ে লাইন ধরতে হবেনা। আমি আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাব’—মতবিনিময় সভায় এমনটাই বলেন তিনি।

বুধবার বিকেলে হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগি ইউনিয়নের চরপোড়ামুখী নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে ৭ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট শাহাজাহান মিয়া।

সভায় তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ঘুষমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ এবং টেকসই কর্মসংস্থান গড়তে কাজ করবেন। তাঁর ভাষায়, ‘আজ সরকারি দপ্তরে গেলেই ঘুষ দিতে হয়। আমাদের ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে জনগণকে ঘুষমুক্ত প্রশাসন উপহার দেব। সরকারি সেবা হবে বিনামূল্যে। মানুষকে আর দালাল–ঘুষের চক্রে পড়তে হবে না।’

তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণ আস্থা দিলে চাঁদপুর সদর ও হাইমচরের উন্নয়নকে আরও গতিশীল করবেন। বিশেষ করে জেলে সম্প্রদায়ের জন্য বিকল্প কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করা এবং দরিদ্র মানুষের আর্থ–সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগের প্রতিশ্রুতি দেন তিনি।

অ্যাডভোকেট শাহাজাহান মিয়া বলেন, ‘আমার বাড়ি হাইমচরে হলেও শহরে আরেকটি বাড়ি আছে। তাই দুই উপজেলাতেই মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। তবে ঢাকা বা দেশের বাইরে আমার কোনো বাড়ি নেই, ভবিষ্যতেও হবে না।’

তিনি আরও বলেন, ‘২০১৪ সালে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে যে ভালোবাসা পেয়েছি, সেটাই আমার বড় প্রেরণা। এবারও আপনাদের সন্তান হিসেবে দোয়া ও সমর্থন চাই।’

ন্যায়–ইনসাফের পক্ষে জনগণ ঐক্যবদ্ধ হলে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, সেখানে সব শ্রেণির মানুষ সমান সরকারি সুবিধা পাবে এবং কোনো বৈষম্য থাকবে না।

সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী। বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবুল হোসাইন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আবু হানিফ, ইউনিয়ন টিম সদস্য মো. মাইনুদ্দিন, লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আমির হোসেন ও সমাজসেবক মো. আবুল কালাম মিজি। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাফিজুর রহমান।

মতবিনিময় শেষে অ্যাডভোকেট শাহাজাহান মিয়া হাওলাদার বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের নানা সমস্যা ও অভাব–অভিযোগ শোনেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *