এশিয়ান গেমসে ভারতের কোচ বদল

এশিয়ান গেমসে ভারতের কোচ বদল

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ভারতের মূল জাতীয় দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর এই প্রতিযোগিতায় শ্রেয়স আইয়ারদের সঙ্গে সফর করছেন না।

ভারতীয় ক্রিকেট বোর্ড মূলত ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এশিয়ান গেমস চলার সময়ই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতের সিনিয়র ওয়ানডে দল। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজে মূল দলের সঙ্গেই থাকছেন গম্ভীর। ফলে একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে তার পক্ষে কোচিং করানো সম্ভব হচ্ছে না।

বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স-র প্রধান লক্ষ্মণের এটিই প্রথম এশিয়াড অভিযান নয়। এর আগে ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত হাংঝৌ এশিয়ান গেমসেও তার প্রশিক্ষণে সোনা জিতেছিল ভারত। এবার তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীল যোশী ও হৃষিকেশ কানিতকর।

এছাড়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন অমল মুজুমদার।

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই প্রতিযোগিতায় টি-টোয়েন্টি ফরম্যাটের শক্তিশালী দল পাঠাচ্ছে ভারত। দলে সুযোগ পেয়েছেন প্রবীণ পেসার জাসপ্রিত বুমরা, সহ-অধিনায়ক তিলক বর্মা এবং উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া ভারতের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *