এশিয়া কাপে খেলার বিষয়ে বিসিসিআইকে বুমরাহর অনুরোধ

এশিয়া কাপে খেলার বিষয়ে বিসিসিআইকে বুমরাহর অনুরোধ

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের মাঝে মাত্র তিনটি টেস্ট খেলায় সমালোচনার মুখে পড়েছেন জাসপ্রিত বুমরাহ। বেছে বেছে খেলার কারণে ভারতের অনেক সাবেক ক্রিকেটারই তাকে সমালোচনার তীরে বিদ্ধ করেছেন। এ অবস্থায় আসন্ন এশিয়া কাপের পুরো টুর্নামেন্টে খেলতে চেয়েছেন বুমরাহ। এমনকি দল নির্বাচনের সময় তার বিষয়টি অবশ্যই মাথায় রাখার অনুরোধ করেছেন তিনি।

আগামী ১৯ আগস্ট এশিয়া কাপের দল বেছে নেবেন নির্বাচকেরা। সেখানে বুমরাহ জায়গা পান কি না তা সময়ই বলবে। তবে দেশের হয়ে আরও একটা ট্রফি জিততে চাইছেন বুমরাহ। ‘ইন্ডিয়ান্স এক্সপ্রেস’ ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘এশিয়া কাপে ওকে পাওয়া যাবে বলে নির্বাচকদের জানিয়ে দিয়েছেন বুমরাহ। পরের সপ্তাহে বৈঠকে বসে দল বেছে নেবেন নির্বাচকেরা।’

ইংল্যান্ড সিরিজে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরাহ। তার মধ্যে দুটোতে ভারত হেরেছিল, একটাতে ড্র করেছিল। যে দুটো টেস্টে বুমরাহ খেলেননি সেগুলো জিতেছে ভারত। তবে ভারতের দলে বুমরাহের অবদান অস্বীকার করছেন না কেউ। তার গুরুত্ব বুঝেই তাকে নিয়মিত একাদশে দেখতে চান ক্রিকেট বিশ্লেষকরা।

টেস্টে খেলার সময় দীর্ঘ সময় বল করার ঝুঁকি থাকে। ফলে শরীরের ওপর বেশ চাপ পড়ে। অন্যদিকে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার বল করতে হবে। শরীরের ওপর চাপ পড়ার শঙ্কা নেই। আর তাই বুমরাহ এশিয়া কাপে খেলতে চাইছেন বলে ধারণা ক্রিকেটমহলের।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *