এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ

এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ

বাস দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হতে না পারাই অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে যাত্রীদের নিরাপদে ও দ্রুত বহির্গমনের পথ নিশ্চিত করতে, গণপরিবহনে দুর্ঘটনাজনিত প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) পথ নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় বসানো স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে।

বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনার বিষয়টি জানানো হয়।

বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও মহাসড়কে চলাচলের সময়, ফেরিঘাট পারাপার কিংবা রেলক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনা ঘটলে অনেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে যান। দরজা ও জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং হতাহতের ঝুঁকি বাড়ায়।

এ প্রেক্ষাপটে এসি বাসগুলোর জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর)’ চিহ্ন স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য উপযুক্ত সরঞ্জাম—যেমন হ্যামার বা অনুরূপ যন্ত্র—সংরক্ষণ রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বিকল্প পথে বের হতে পারেন।

অন্যদিকে, নন-এসি বাসগুলোর ক্ষেত্রে জানালায় বসানো সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। এসব রড থাকলে জরুরি মুহূর্তে জানালা দিয়ে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব রড অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

বিআরটিএ সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট বাস মালিক ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংস্থাটি মনে করছে, নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত উদ্ধার সম্ভব হবে এবং প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এছাড়া, সংশ্লিষ্ট সকল মোটরযান মালিক ও চালকদের প্রতি এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে বিআরটিএ।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *