কমলো সোনার দাম, ভরিতে কমেছে সর্বোচ্চ ১,৬৯১ টাকা

কমলো সোনার দাম, ভরিতে কমেছে সর্বোচ্চ ১,৬৯১ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। গতকাল রোববার এই দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *