কাজী ফার্মসের মাফিনে ভয়াবহ অনিয়ম, খাবার অনুপযোগী কেক; জরিমানা ৮ লাখ

কাজী ফার্মসের মাফিনে ভয়াবহ অনিয়ম, খাবার অনুপযোগী কেক; জরিমানা ৮ লাখ

ঢাকা প্রতিনিধি

শিশুদের জনপ্রিয় খাবার কাজী ফার্মসের মাফিন কেকের মান নিয়ে গুরুতর অনিয়মের তথ্য পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরীক্ষাগার। পরীক্ষায় কেকটিকে মানহীন ও খাবার অনুপযোগী বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত প্রিজারভেটিভও পাওয়া যায়নি পণ্যটিতে।

এ ঘটনায় কাজী ফার্মসকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে মানহীন পণ্য উৎপাদন বা বাজারজাত না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের মোড়কজাত খাদ্যপণ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে কাজী ফার্মসের মাফিন কেকের পরীক্ষার ফল উদ্বেগজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষাগারের তথ্য অনুযায়ী, উৎপাদনের ১৫ দিন পর কেকটির অম্লতা পাওয়া যায় ৩ দশমিক ৩২, যেখানে তা থাকার কথা ১। একই সঙ্গে কেকটির আর্দ্রতাও বেড়ে যায়। সরকার নির্ধারিত প্রিজারভেটিভ ব্যবহার করার কথা থাকলেও পরীক্ষায় তা পাওয়া যায়নি।

ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারের জনস্বাস্থ্য অ্যানালিস্ট ইলিয়াছ জাহেদী বলেন, “এই পণ্যটি মানহীন এসেছে। এখানে আমরা অম্লতার বৃদ্ধি পেয়েছি, আর্দ্রতাও বৃদ্ধি পেয়েছে। যে প্রিজারভেটিভ ব্যবহার করার কথা, তা পাওয়া যায়নি।”

ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পণ্য উৎপাদন না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

এদিকে, মানহীন পণ্য বাজার থেকে তুলে নিয়ে নতুন পণ্য বিক্রির বিষয়ে আদালতে প্রতিশ্রুতি দেওয়ার পরও কাজী ফার্মস তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ রয়েছে।

ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, কোনো প্রতিষ্ঠান যত বড়ই হোক, মানহীন পণ্য বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কাজী ফার্মসের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটির কেউ মন্তব্য করতে রাজি হননি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *