কুয়েতে একের পর এক হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

কুয়েতে একের পর এক হামলা, পানি শোধনাগারে ব্যাপক ক্ষতি

ইরানে প্রথমবারের মতো সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও রেলস্টেশনে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে মধ্যপ্রাচ্যে একের পর এক পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির এসব হামলায় কুয়েতের একটি পানি শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ইরান দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। কারিগরি দলগুলো ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত করে পুনরায় চালু করার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতাও পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের যৌক্তিকভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে।

এর আগে ইরান দাবি করেছে, কুয়েতের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে দেশটির হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) প্ল্যাটফর্ম ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তেহরান জানিয়েছে, মার্কিন বাহিনী ও ইসরায়েল-সমর্থিত যোদ্ধারা এসব স্থাপনায় অবস্থান করছিল।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানি হামলায় ‘বিপুলসংখ্যক বিপ্লববিরোধী ও মার্কিন বিশেষ বাহিনীর সদস্য’ নিহত হয়েছেন। পাশাপাশি পাল্টা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের তিনটি সেতু, একটি রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, মার্কিন হামলায় দেশটির আরও কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস শহর এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় আকারের বিমান অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।

ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই-খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও একটি বিদ্যুৎকেন্দ্রও মার্কিন হামলার শিকার হয়েছে।

হরমুজগান প্রদেশে সড়ক, রেলপথ ও বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দর মার্কিন হামলায় বিধ্বস্ত হয়েছে। এছাড়া কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে হরমুজগান প্রদেশের কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

সূত্র: আল জাজিরা

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *