কুষ্টিয়ায় কবর থেকে পীরের কঙ্কাল তুলে দরবারে, প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় কবরে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের কঙ্কাল কবর থেকে তুলে দরবার প্রাঙ্গণে পুনরায় সমাধিস্থ করার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। প্রশাসনের হস্তক্ষেপে কবর থেকে তুলে নেয়া দেহাবশেষ পুনরায় আগের কবরস্থানে প্রতিস্থাপন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
তিনি বলেন, পীরের কয়েকজন ভক্ত রাতে কবর থেকে তার দেহাবশেষ তুলে দরবার প্রাঙ্গণে সমাধিস্থ করেন। খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে তাদের হস্তক্ষেপে দেহাবশেষ পুনরায় কবরস্থানে কবরস্থ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ১১ এপ্রিল উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পবিত্র কুরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে নানা নাটকীয়তার পর দক্ষিণ-পশ্চিম কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে নেয়ার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
