খালেদা জিয়ার মৃত্যুতে মাহমুদউল্লাহ রিয়াদের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে মাহমুদউল্লাহ রিয়াদের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো দেশ। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। শোকের অংশ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঘরোয়া ফুটবলের ম্যাচ স্থগিত করা হয়েছে।

দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ কাবাডি ফেডারেশন,শোক প্রকাশ করে। এছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) শোক প্রকাশ করেছে।

শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ফেসবুকে খালেদা জিয়ার ছবি পোস্ট করে লিখেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক, আমীন।’

এর আগে জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোক বার্তায় লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। এই কঠিন সময়ে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার অবদান দেশের মানুষ স্মরণ করবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

দেশের নাম্বার ওয়ান তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন।

সাবেক দেশ সেরা ওপেনার তামিম ইকবাল তার অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীক। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন।

সাবেক তারকা পেস বোলার রুবেল হোসেন লেখেন, আজ ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

তারকা ওপেনার লিটন দাস লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *