খেলা দেখতে মেয়েকে নিয়ে হঠাৎ স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী

খেলা দেখতে মেয়েকে নিয়ে হঠাৎ স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে পূর্বঘোষিত কর্মসূচির বাইরে হঠাৎ করেই ফুটবল খেলা দেখতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর শেরে বাংলানগরে বাবা-মায়ের কবর জিয়ারত এবং জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেন তিনি। তবে দিনের কর্মসূচিতে স্টেডিয়ামে যাওয়ার কোনো পরিকল্পনার কথা আগে থেকে জানা যায়নি।

বিকেল সাড়ে ৩টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। লাল দল ও সবুজ দলে বিভক্ত হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন খেলোয়াড়রা। ঠিক সেই সময় হঠাৎ করেই স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

স্টেডিয়ামের ভিআইপি গেট দিয়ে ঢুকে তিনি সরাসরি ডাগআউটে যান। সেখানে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। এরপর অ্যাথলেটিক ট্র্যাক ধরে পুরো মাঠ প্রদক্ষিণ করেন। পরে ভিআইপি লাউঞ্জে বসে খেলা উপভোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম ক্রীড়া সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে উপস্থিতি। তবে তার এই সফর ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক এবং পূর্ব নির্ধারিত নয়।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *