গণঅধিকার পরিষদ আগামীতে রাষ্ট্রক্ষমতায় যাবে : আবু হানিফ

গণঅধিকার পরিষদ আগামীতে রাষ্ট্রক্ষমতায় যাবে : আবু হানিফ

চাঁপাইনবাবগঞ্জে গণঅধিকার পরিষদ জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘জনগণ চাইলে আগামীতে গণঅধিকার পরিষদ রাষ্ট্রক্ষমতায় যাবে।’

শুক্রবার বেলা ১১টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আবু হানিফ আরও বলেন, ফ্যাসিবাদের দুঃসময়ে রাজপথ থেকে জন্ম নেওয়া দল গণঅধিকার পরিষদ। হামলা–মামলা, জেল–জুলুম—এসব সহ্য করেও দলটি কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেনি। দেশের মানুষের স্বার্থের প্রশ্নে তাঁদের নেতাকর্মীরা অটল ছিলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে মানুষ বহু দলের শাসন দেখেছে। এখন তারা পরিবর্তন চায়। জুলাই গণঅভ্যুত্থানে গণঅধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদের আমলে রাজপথে সক্রিয় থাকার পরও পরবর্তী সময়ে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি বা তদবির বাণিজ্যে জড়ায়নি দলের কেউ। ফলে দেশের রাজনীতিতে গণঅধিকার পরিষদ একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছে। তিনি বলেন, দলের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি–জামায়াতসহ নানা রাজনৈতিক দলই তাদের জোটে গণঅধিকার পরিষদকে চায়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা সুমন কবীর। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায় বলেই গণঅধিকার পরিষদের জন্ম। ২০১৮ সালের পর থেকে নুরুল হক নূরের সাহসী ভূমিকা তাঁকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি দাবি করেন, নূরকে ছাড়া ভবিষ্যতে কোনো সরকার গঠন সম্ভব নয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসানের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদ–মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সায়েম, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন মুজাহিদ, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব রোমন মাহমুদসহ আরও অনেকেই।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *