চ্যাম্পিয়ন হয়েই চোকার তকমা নিয়ে মুখ খুললেন প্রোটিয়া তারকারা

চ্যাম্পিয়ন হয়েই চোকার তকমা নিয়ে মুখ খুললেন প্রোটিয়া তারকারা

দীর্ঘদিন ধরে ‘চোকার’ তকমার সেই দুঃস্বপ্ন তাড়া করেছিল টেম্বা বাভুমাদের! ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ৬ উইকেট। প্রোটিয়ারা এমন সমীকরণও মেলাতে পারেনি। হাত ছোঁয়া দূরত্বে যেয়েও শিরোপা হারানো যেন তাদের নিয়তি হয়ে উঠেছিল! সেই ‘চোকার’ তকমা ঘুচিয়ে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসের শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ব্যাটিং নিয়ে ধুঁকেছে উভয় দলই। প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে প্রোটিয়ারা আরও খাদের কিনারায় চলে যায়। তবে দ্বিতীয় ইনিংসে অজিদের ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটকে রীতিমতো তলোয়ার বানিয়ে দলের ঢাল হয়ে দাঁড়ালেন এইডেন মার্করাম। তার সেঞ্চুরি ও বাভুমার হ্যামস্ট্রিং চোট নিয়েও ৬৬ রানের ইনিংস ৫ উইকেটে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেছে।

চ্যাম্পিয়ন হওয়ার পরও এলো সেই চোকার্স প্রসঙ্গ। এর আগে অজিদের হারানোর প্রতিক্রিয়া দিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা বললেন, ‘বছর দুয়েক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা বেশ ভিন্ন। তারা আগের মতো আর মাঠে সেভাবে ভোকাল (স্লেজিং করে না) নয়। তবে তাদের শরীরি ভাষা এখনও আক্রমণাত্মক। অবশ্যই এর সঙ্গে রয়েছে তাদের দারুণ দক্ষতা, তবে তেমন উচ্চবাচ্য নেই।’ যদিও অজি ক্রিকেটারের কাছ থেকে চোক করার ইঙ্গিত শুনেছিলেন এদিন সকালেও, ‘অবশ্যই আজ (গতকাল) সকালেও চোকার্স ট্যাগটা নিয়ে কথা ওঠে। তাদের এক খেলোয়াড় সেই প্রসঙ্গ ধরে বলেছিল ৬০ রানের মধ্যেও ৮ উইকেট হারিয়ে ফেলতে পারি। আমি এমনটাই শুনেছি।’

পারফরম্যান্স দিয়েই চোকার শব্দ মুছে দিতে চেয়েছেন মার্করাম-বাভুমা। প্রোটিয়া অধিনায়ক জানান, ‘এইডেন (মার্করাম) প্রতি ওভারের পরই ওই শব্দটা (চোকার) দূরে সরিয়ে দিচ্ছিল, বলছিল চলো এটি কাটিয়ে উঠি। তাদের কিছুই দেবো না। ফলে আর তেমন কোনো মন্তব্যও শুনিনি তাদের কাছ থেকে। সম্ভবত দুয়েকটি ব্যতিক্রম ব্যতিত।’ শিরোপা নিশ্চিতের পথে সেঞ্চুরি করে বড় অবদান রাখা মার্করামও কথা বলেছেন চোকার ট্যাগ নিয়ে। তার প্রত্যাশা– এই জয়ের মাধ্যমে প্রোটিয়ারা সেই শব্দকে পুরোপুরি বিশ্রামে পাঠিয়ে দিয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের খুব নিকটে থেকেও ভারতের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয়েছিল দক্ষিণ আফ্রিকার। এবার ব্যক্তিগত সেঞ্চুরিতে সেই হতাশা কিছুটা ঝেড়ে আবেগপ্রবণ মার্করাম বলেন, ‘এটি খুব অসাধারণ বিষয় যে আমাদের আর সেই শব্দটি (চোকার) শুনতে হবে না। এটি নিশ্চিত। অবশ্য এটি আমাদের প্রেরণাও দিয়েছে, সবসময়ই বাইরের কিছু বিষয় আপনাকে এভাবে প্রেরণা দিতে পারে। তবে এটাই আপনার পারফরম্যান্সের একমাত্র কারণ নয়। সবমিলিয়ে নিজের কাজটা ঠিকঠাক করে এমন কিছু থেকে মুক্তি পাওয়া দলের জন্য অনেক বিশাল কিছু।’

এদিকে, মার্করামের প্রশংসা করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও, ‘আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় তার (মার্করাম) সঙ্গে আইপিএলে খেলেছে এবং সে খুবই সম্মানিত একজন। সে দারুণ মানুষ, তবে আমাদেরও দুর্ভাগ্য যে তাদের কাজটা সে সহজ করে দিয়েছে এবং বড় ইনিংস খেলল। আমরা তাকে উদ্দেশ্য করে সবরকম চেষ্টা করেছি, তবে প্রতিবারই সে ভালোভাবে জবাব দিয়েছে। নিজেদের মতো করে ফাইনালে এসেছে প্রত্যেক দলই। তবে তারা (আফ্রিকা) ফাইনালে খেলে প্রমাণ করেছে তারাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *