জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ

জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমান সরকারের প্রথম সচিব সভায়। পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নতুন সরকারের প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সচিব সভা সরকারের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। এতে মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এবারের সভায় চারটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়। এর মধ্যে ছিল সরকারের কার্যক্রম-সংশ্লিষ্ট আনুষ্ঠানিক বিষয়, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ এবং সরকারের কার্যক্রম আরও গতিশীল, কল্যাণমুখী ও কার্যকর করার বিষয়। জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ও আলোচনার সুযোগ রাখা হয়।

সভায় চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিশেষ গুরুত্ব পায়। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে—এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে চাপ কমাতে আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট এক সচিব জানান, দেশে সৌরবিদ্যুতের ব্যবহার কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারি ভবন ও স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া সরকারি চাকরির শূন্য পদ পূরণ এবং সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সভায় অনিয়ম ও দুর্নীতি বন্ধের বিষয়েও আলোচনা করা হয়। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং অর্থ ব্যয় ও উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সচিবদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *