জুলাইযোদ্ধাদের দায়মুক্তি গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ‘জুলাইযোদ্ধাদের’ জন্য দেওয়া দায়মুক্তি (ইনডেমনিটি) সরকার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার তার নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনা করছে। আন্দোলনে যারা সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছেন, তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের জন্য প্রদত্ত দায়মুক্তিও সরকার বহাল রাখবে।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদীয় বিধান অনুযায়ী ৩০ কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এর মধ্যে ইতোমধ্যে ১৫ দিন অতিক্রান্ত হয়েছে এবং বাকি সময়ের মধ্যেই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনমতের ভিত্তিতে বিতর্কিত নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে অংশ নেওয়ার আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তবে কোনো অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা জনস্বার্থবিরোধী হলে সে বিষয়ে দলীয় অবস্থান জোরালোভাবে তুলে ধরা হবে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *