ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুত প্রতিরক্ষামন্ত্রী

ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুত প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় এক সিনেটরের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধ আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।

বুধবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নের জন্য মার্কিন সামরিক বাহিনী ‘প্রস্তুত’ আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

সিনেটে শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি ইরানে হামলার কোনও বিকল্প পরিকল্পনা দিয়েছেন কি না, সেই বিষয়ে তিনি পাবলিক ফোরামে কথা বলতে রাজি নন।

তবে শান্তি বা যুদ্ধ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ তা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন হেগসেথ।

এদিকে, ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘‘আমি এটি বলতে পারব না। আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব।’’

তিনি বলেন, ‘‘আপনি জানেন না আমি এটি (হামলা) করব কি-না। আপনি জানেন না। আমি হামলা করতে পারি। আমি হামলা নাও করতে পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি।’’

‘‘আমি আপনাকে বলতে পারি—ইরান অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, তাহলে কেন আগে আলোচনা করেননি। আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি। আগে আলোচনা করলে আপনারা ভালো করতেন। আপনাদের দেশ থাকতো।’’

সূত্র: আল জাজিরা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *