ঢাকায় ভ্যাপসা গরমের সঙ্গে বৃষ্টির আভাস

ঢাকায় ভ্যাপসা গরমের সঙ্গে বৃষ্টির আভাস

দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় ভ্যাপসা গরমের সঙ্গে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আজ দিনেরে প্রথমার্ধে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ বিরাজ করতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *