ঢাবি ছাত্রদলের হল কমিটিগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের নাম, তদন্তে কমিটি

ঢাবি ছাত্রদলের হল কমিটিগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের নাম, তদন্তে কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সম্প্রতি ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মোট ৫৯৩ জন শিক্ষার্থীর এই হল কমিটিগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ আগস্ট) কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। বিতর্কের জেরে তদন্ত কমিটিও গঠন করেছে শাখা ছাত্রদল।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক পদ পাওয়া মোসাদ্দেক আল হক শান্ত আগে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। একই রকমের অভিযোগ নতুন ঘোষিত ছাত্রদলের শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদ পাওয়া নিতু রাণী সাহা এবং স্যার এ এফ রহমান হলে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া সাখাওয়াত হোসেনের বিরুদ্ধেও।

বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে ছাত্রদলের নতুন ঘোষিত হাজী মুহাম্মদ মুহসীন হল কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া শিবলী রহমান পাভেল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া মো. আজিজুল হাকিম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যুগ্ম-আহ্বায়ক পদ পাওয়া রাজু শেখ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া রাকিবুল হাসান সৌরভ, হাজী মুহাম্মদ মুহসীন হলে সদস্য পদ পাওয়া আহমেদ জাবির সিয়ামের বিরুদ্ধেও।

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বা ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি আছে কিন্তু ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছে এমন ব্যক্তিদের মধ্যে রয়েছেন— অমর একুশে হলে সদস্য সচিব আব্দুল হামিদ, হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু জার গিফারী ইফতা, যুগ্ম আহ্বায়ক মোয়াজ শাহরিয়ার অপু, যুগ্ম আহ্বায়ক মো. জনি প্রামাণিক, যুগ্ম আহ্বায়ক মহিবুল হাসান আকন্দ, যুগ্ম সদস্য সচিব রোমান মিয়া, বিজয় একাত্তর হলে যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আকরানুল ইসলাম, শেখ মুজিবুর রহমান হলে যুগ্ম আহ্বায়ক এম এম মোমিতুর রহমান পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হোসেন লিখন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক সাদমান সাকিব শাওন, যুগ্ম আহ্বায়ক রোমান সরকার, সদস্য ইমতিয়াজ আহমেদ, কুয়েত মৈত্রী হলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতুল, ফজলুল হক মুসলিম হলে আহ্বায়ক মো. আবিদ হাসনাত, যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সদস্য সচিব শাহরিয়ার লিওন, যুগ্ম আহ্বায়ক হাসনাত তারিক জীম, যুগ্ম আহ্বায়ক জিন্নাহ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. সজিব হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল হোসেন, রোকেয়া হলে সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ, স্যার এএফ রহমান হলে যুগ্ম আহ্বায়ক মুনতাহা মিথ, সদস্য বাদশাহ বিন ফরহাদ আলভী, মাস্টারদা সূর্যসেন হলে যুগ্ম আহ্বায়ক আতিক মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মাহিদুল আলম ফাহিম, কবি সুফিয়া কামাল হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ, জগন্নাথ হলে সদস্য ধ্রুব রায়।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক নেতা অভিযোগ করেছেন, কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের কর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম মিয়া বঞ্চনার কথা তুলে ধরে তার ফেসবুক পোস্টে লেখেন, ২০২০ সালে ছাত্রদল হল কমিটির জন্য সিভি জমা দিয়েও জুনিয়র হওয়ায় পদবঞ্চিত হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের বিপরীতে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিতো তাদের অনেকের নাম এবারের কমিটিতে এসেছে।

স্যার এ এফ রহমান হলের পদবঞ্চিত ছাত্রদল নেতা মুহাম্মদ মাহাদী হাসানও তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে, কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসনের অভিযোগ ওঠায় বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে শাখা ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হল শাখাগুলোর নবগঠিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারও কারও বিষয়ে তথ্য গোপন রেখে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করার জন্য এ কমিটি করা হয়েছে বলে জানানো হয়েছে।

এতে সদস্য করা হয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়াকে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে লিখিত একটি প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *