দুজন ‘ল্যাব টেকনিশিয়ান’র প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএমটিএ’র

দুজন ‘ল্যাব টেকনিশিয়ান’র প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএমটিএ’র

গেজেটবহির্ভূতভাবে ‘ল্যাবরেটরি টেকনিশিয়ান’ পদে কর্মরত দুইজনকে সরাসরি ‘সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)’ পদে পদোন্নতি দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)। সংগঠনটি বলছে, এ ধরনের পদোন্নতি ২০১৮ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেট নির্দেশিকার স্পষ্ট লঙ্ঘন।

বুধবার (৩০ জুলাই) বিএমটিএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম ওবাইদুর রহমান এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুর রহিম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

২৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোট ৯৫ জন মেডিকেল টেকনোলজিস্টকে সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে পদোন্নতি দেওয়া হয়। এ সিদ্ধান্তের জন্য বিএমটিএ স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেও, ওই তালিকায় সিরিয়াল নম্বর ১১-এর মাহবুবা আব্দুল্লাহ ও সিরিয়াল নম্বর ৯০-এর শ্যামলী রানী সরকারকে নিয়ে আপত্তি জানায় সংগঠনটি।

বিএমটিএ’র পক্ষ থেকে বলা হয়, মাহবুবা ও শ্যামলী উভয়েই মূলত ‘ল্যাবরেটরি টেকনিশিয়ান’ পদে কর্মরত ছিলেন, অথচ তাদের সরাসরি সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদে উন্নীত করা হয়েছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২০১৮ সালের গেজেট অনুযায়ী সম্পূর্ণরূপে অনভিপ্রেত ও নিয়ম বহির্ভূত।

বিবৃতিতে নেতারা বলেন, ‘এই অন্যায্য পদোন্নতিতে মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এতে পেশাদারিত্বে চরম আঘাত হেনেছে।’

বিএমটিএ দাবি করে, নিয়ম লঙ্ঘন করে দেওয়া এ ধরনের প্রজ্ঞাপন বাতিল না হলে, দেশের সব মেডিকেল টেকনোলজিস্ট পেশাজীবীদের নিয়ে তারা বৃহৎ কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে!

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *