দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্বকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেরা দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি বন্ধের উদ্যোগ ব্যর্থ হবে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “দুর্নীতি বন্ধ করতে হলে তার প্রথম শর্ত হলো, যারা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পাঠদান ও পরিচালনা করা শিক্ষকদের জন্য কঠিন হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার এ চ্যালেঞ্জ আরও বাড়িয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার পরিবেশ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে কোনো প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। একইভাবে কোনো প্রধান শিক্ষক শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়িত থাকলেও তা সহ্য করা হবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
