দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে কীভাবে নিরাপদ পানি পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েই ইউনিসেফের সঙ্গে আলোচনা হয়েছে। পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য হলেও দূষিত ও জীবাণুযুক্ত পানি নানা ধরনের রোগ ও মৃত্যুর কারণ হতে পারে। তাই দেশের মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নদীগুলো শুকিয়ে যাওয়া এবং উজানে পানি প্রত্যাহারের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে পানির সংকট তৈরি হচ্ছে। এর প্রভাব উত্তরাঞ্চলে মরুকরণের মতো পরিস্থিতি তৈরি করছে। অন্যদিকে নদীতে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি ওপরের দিকে উঠে আসছে। এতে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট আরও তীব্র হচ্ছে।

মন্ত্রী বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়। এ উদ্যোগের অর্থায়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিশ্বব্যাংক, ওয়াটারএইড ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি সমন্বিত পরিকল্পনা তৈরির চেষ্টা চলছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া।

তিনি জানান, বৈঠকে আলোচিত বিভিন্ন প্রকল্পের সম্ভাব্য অর্থমূল্য সব সংস্থা মিলিয়ে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা।

মন্ত্রী বলেন, এই অর্থায়নের মাধ্যমে দেশের মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করার পাশাপাশি পানি ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি সমস্যাগুলো মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *