দেশ মেরামতে সরকার ‘থ্রি-আর কৌশল’ অনুসরণ করছে: প্রধানমন্ত্রী

দেশ মেরামতে সরকার ‘থ্রি-আর কৌশল’ অনুসরণ করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশকে পুনর্গঠনে সরকার ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কৌশলের তিনটি ধাপ হলো—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভাষণে তারেক রহমান বলেন, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। তার দাবি, ওই সময়ের শাসনামলে গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মতো কর্মকাণ্ডের অভিশাপ থেকে বের হয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কর্মযজ্ঞে উন্নয়ন সহযোগীদের পাশে পাওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের জন্য স্টার্টআপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরির বিষয়েও ভাষণে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবছরে এ খাতে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

জাতিসংঘের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং প্রযুক্তিতে সমান সুযোগের বিষয়গুলোও তুলে ধরেন।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *