নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন: রাশেদ

নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন: রাশেদ

নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খাঁন।

রাশেদ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাশেদের যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এটা আমাদের দলের সিদ্ধান্ত, আমি আপনাদের জানালাম। সেই সঙ্গে আমি আপনাদের অনুরোধ করবো ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে কাজ করার জন্য, সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার জন্য।’

অনুষ্ঠানে বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আপনাদের সাথেই ছিলাম। কিভাবে রাজপথে সংগ্রাম করেছি তা আপনারা জানেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার পাশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আমাদের তিনজনের একসঙ্গে আন্দোলন সমন্বয় করার সুযোগ হয়েছে। বিএনপির সংগ্রামী মহাসচিব ওই সময় গ্রেফতার হন। আমাদের সালাহউদ্দিন আহমদ ভাই ওই সময় ইন্ডিয়ায় থাকলেও এই আন্দোলনকে যেভাবে সমন্বয় করেছেন, আমার ভূমিকা সম্পর্কে আসলে আমি বলতে চাই না, সালাহউদ্দিন আহমদ ভাই জানেন। তিনি বলবেন।’

রাশেদ খাঁন বলেন, ‘আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে এং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যাকে আমি আদর্শ হিসেবে মনে করি। বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদবিরোধী আমল থেকে তার সঙ্গে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খাঁন আজকে বিএনপিতে যোগদান করেছি এবং তারেক রহমানের নেতৃত্বে ইনশা আল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাবো, কাজ করে যাবো।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *