নতুন সিনেমায় আলিয়া ভাটের রেট্রো লুক, ভক্তদের মাঝে উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এবার সিনেমাটিতে আলিয়া ভাটের নতুন লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
নতুন পোস্টারে আলিয়াকে দেখা গেছে গ্ল্যামারাস এক রেট্রো ক্যাবারে অবতারে। চেয়ারে বসা অভিনেত্রীর পরনে আকর্ষণীয় স্লিট স্কার্ট, মাথায় বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ, ভিন্নধর্মী পোজ এবং চোখের তীব্র অভিব্যক্তিতে ফুটে উঠেছে রেট্রো আবহ।
পোস্টারটি প্রকাশ করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, “আগ ভি, দিলোঁ কি জান ভি!” অর্থাৎ—আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও।
আলিয়ার এই লুক প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর আগে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকা রণবীর কাপুরের ফার্স্ট লুকও প্রকাশ করা হয়। এবার আলিয়ার লুক উন্মোচনের মাধ্যমে সিনেমাটির প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে।
‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। পিরিয়ড ড্রামার পরিচিত গণ্ডি থেকে বেরিয়ে সমকালীন প্রেক্ষাপটে রোম্যান্টিক থ্রিলারধর্মী গল্পে সিনেমাটি নির্মাণ করছেন তিনি।
সিনেমাটিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরও কয়েকজন তারকা। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন বাস্তব জীবনের এই দম্পতি। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মাধ্যমে আবারও পর্দায় জুটি বাঁধছেন তারা।
প্রধান তারকাদের লুক প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে নির্মাতা পক্ষ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’।
