নরসিংদীতে আজ কোনো ভূমিকম্প হয়নি

নরসিংদীতে আজ কোনো ভূমিকম্প হয়নি

রাজধানী ঢাকার উপকণ্ঠের নরসিংদীতে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে এতে বলা হয়েছে, আজ রোববার (২৮ জুন) রাত ৯টা ২৮ মিনিটের দিকে দেশে কম্পন অনুভূত হয়েছে। যদিও ইউএসজিএসের ওয়েবসাইটে আজ বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানার কোনও তথ্য পাওয়া যায়নি। এমনকি ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) ওয়েবসাইটেও বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানার কোনও তথ্য নেই।

একাধিক গণমাধ্যমে ইউএসজিসএসের বরাত দিয়ে বলা হয়েছে, আজ রাত ৯টা ২৮ মিনিটের দিকে দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ইউএসজিএসের ওয়েবসাইটে বাংলাদেশে আজ ভূমিকম্প আঘাত হেনেছে এমন কোনও তথ্য পাওয়া যায়নি।

আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারিতে দেখা গেছে, ছয়দিন আগে গত ২২ জুন রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ টের পেয়েছিলেন বলে জানা যায়।

ইউএসজিএসের ওয়েবসাইটে বাংলাদেশে আজকের ভূমিকম্পের কোনও তথ্য পাওয়া না গেলেও দেশের বেশ কিছু গণমাধ্যমে কম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়। ফেসবুক ব্যবহারকারীদের অনেকে বলেছেন, তারা দেশে আজ কোনও কম্পন অনুভব করেননি।

গত ২২ জুনের একই মাত্রার ভূমিকম্পের পুরোনো তথ্যের ওপর ভিত্তি করে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যম ভূমিকম্পের সংবাদ প্রকাশের পর ওয়েবসাইট থেকে সেই সংবাদ মুছে ফেলেছে।

ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে আজ মিয়ানমার সীমান্তে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার তথ্য জানানো হয়েছে। যদিও এই ভূমিকম্প এখন পর্যন্ত মাত্র তিনজন মানুষ অনুভব করেছেন বলে ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে রিপোর্ট করেছেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *