নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ১৩১ কোম্পানিকে বিএসইসির আলটিমেটাম
সিনিয়র রিপোর্টার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩১টি কোম্পানি এখনো তাদের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারেনি। এ কারণে এসব কোম্পানিকে আগামী ৩০ জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
গত ২৯ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে করপোরেট গভর্নেন্স কোড-২০১৮ অনুযায়ী নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোর সচিবদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। বিএসইসির করপোরেট গভর্নেন্স বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। সভায় সংশ্লিষ্ট নির্দেশনা দেওয়া হয়।
রোববার (৩ মে) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠনের সদস্য, করপোরেট নেতা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত বা কর্মরত সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী এবং উচ্চ আদালতে কর্মরত নারী আইনজীবীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া যাবে। আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করে কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৬৩টি তালিকাভুক্ত কোম্পানি তাদের পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। তবে ১৩১টি কোম্পানি এখনো এ শর্ত পরিপালনে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ এপ্রিল বিএসইসি গেজেটের মাধ্যমে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করে। প্রথমে এক বছরের মধ্যে এ শর্ত বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিগুলোকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
সভায় বিএসইসির কর্মকর্তারা স্পষ্টভাবে জানান, নির্ধারিত সময়ের পর কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না। শর্ত পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
