পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা, কৃষি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান। একই সঙ্গে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই শিল্পায়ন, পানি ব্যবস্থাপনা এবং কৃষি খাতে দেশটির অবদানের কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ, অভিবাসন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌপরিবহন, সামুদ্রিক অবকাঠামো এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে নেদারল্যান্ডসের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ সময় নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সোর্ড সোর্ডসমার আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কেও প্রতিমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত।
বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
